১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের চার শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোছা. ফারজানা ফেরদৌসী, শরিফুল ইসলাম ও সুস্মিতা সরকার বৃষ্টি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নূরজাহান আক্তার।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে সুস্মিতা সরকার বৃষ্টি বলেন, নিজের পরিশ্রম ও ভাগ্যের ওপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর ২০২৪ সাল থেকে পুরোদমে এর প্রস্তুতি শুরু করি। অ্যাডভোকেটশিপ সনদ লাভের পর সম্পূর্ণ প্রক্রিয়া অতিক্রম করতে প্রায় দুই বছর সময় লাগে। আজকে বিশেষভাবে স্মরণ করতে হয় আমার সহপাঠী ও বিচারক আবু সাঈদ এবং সার্বক্ষণিক মানসিক সমর্থন দেওয়া বান্ধবি জ্যোতি, মেহেরিমা ও সুমির কথা।
আগামী বিজেএস পরীক্ষার্থীদের উদ্দেশে সুস্মিতা বলেন, প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় শুধু মেধা যথেষ্ট নয়, প্রয়োজন মেধার চেয়েও বেশি পরিশ্রম ও পড়ার টেবিলে নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা। নিজেকে নেতিবাচক পরিবেশ থেকে দূরে রেখে প্রতিদিন নিয়ম করে অন্তত সাত থেকে আট ঘণ্টা পড়ার টেবিলে থাকতে হবে। নিজের ঘাটতিগুলো চিহ্নিত করে সিলেবাস অনুযায়ী তা পূরণ করা জরুরি।
সাফল্যের অনুভূতি জানিয়ে মোছা. ফারজানা ফেরদৌসী বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। পথটি সহজ ছিল না। দীর্ঘ প্রতীক্ষা, পরিশ্রম, অনিশ্চয়তা এবং নিজের ওপর ভরসা রাখার অনেকগুলো পরীক্ষা অতিক্রম করে আজ বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। মূলত ন্যায়পরায়ণতার প্রতি আমার সহজাত আকর্ষণ, আইন বিষয়ে গভীর আগ্রহ এবং মানুষের অধিকার ও ন্যায়বিচার নিয়ে কাজ করার ইচ্ছা আমাকে সবসময় বিচারক হওয়ার স্বপ্নের দিকে টেনে নিয়েছে।
চার শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে আইন ও বিচার বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান নিউটন বলেন, আজ আমাদের বিভাগের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের একটি দিন। আমাদের চার শিক্ষার্থী সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের এই অর্জন নিঃসন্দেহে বিভাগের জন্য মর্যাদার। নতুন কর্মজীবনে তারা ন্যায়, সততা, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে- এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা দেশের বিচার বিভাগে সহকারী জজ পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা।

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়