ডাকসুর কার্যক্রম তদন্তে ৩ কমিটি গঠন ঢাবি প্রশাসনের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কার্যক্রম তদন্ত করতে তিনটি পৃথক কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুর ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ওয়েবসাইট চালু, ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্ত এবং এসব বিষয়ে সুপারিশ প্রদানের জন্য পৃথক এই তিনটি কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩- এর ১২ (৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়।
আগামী সাত কর্মদিবসের মধ্যে এসব কমিটির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ডাকসুর ওয়েবসাইট চালুর বিষয় তদন্তের জন্য ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ড. আব্দুস সালাম, আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল আমিন এবং আইকিউএসির পরিচালক ড. এস এম হাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডাকসুর ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয় তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যরা হলেন—বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন এবং প্রক্টর মো. ইসরাফিল প্রাং। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)