ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক, ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪ জন শিক্ষক ও ৩ জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বরখাস্ত করা হয়েছে বলে আজ মঙ্গলবার (২৩ জুন) ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সোমবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাদের সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া ৪ শিক্ষক হলেন— লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. তাশরিক-ই-হাবিব।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া ৩ কর্মকর্তা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখার ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা এবং রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার (বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে) শারমিন জাহান।
সাময়িক বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিজস্ব প্রতিবেদক