এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা বোর্ডের
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে রুটিনে পরীক্ষার্থীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) বোর্ডের ওয়েবসাইটে এই রুটিন ও নির্দেশনাবলি প্রকাশিত হয়।
নির্দেশনাগুলো হলো :
১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ৩০ মিনিট ও ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় দুই ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ২৫ মিনিট ও ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় দুই ঘণ্টা ৩৫ মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
সকাল ১০টার পরীক্ষার ক্ষেত্রে ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র ও ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে (২৫ নম্বরের এমসিকিউ হলে সৃজনশীল শুরু হবে ১০টা ২৫ মিনিটে)।
দুপুর ২টোর পরীক্ষার ক্ষেত্রে ১টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। ২টায় এমসিকিউ ও ২টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে (২৫ নম্বরের এমসিকিউ হলে সৃজনশীল শুরু হবে ২টা ২৫ মিনিটে)।
৪. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৫. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে।
৬. ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।
৮. কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে। কোনোভাবেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
৯. পরীক্ষার্থীরা সাধারণ হাতঘড়ি ব্যবহার করতে পারবে।
১০. শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
১১. পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না ও কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক