বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুই প্রক্রিয়ায় কাজ চলছে : বাংলাদেশ ব্যাংক
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে ফৌজদারি ও দেওয়ানি দুই ধরনের আইনি প্রক্রিয়ায় কাজ করছে বাংলাদেশ। তবে এ প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ। আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী, ফৌজদারি প্রক্রিয়ায় অর্থ ফেরাতে পাঁচ থেকে ১০ বছর এবং দেওয়ানি প্রক্রিয়ায় অন্তত তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। ফলে দুই বছর আগে শুরু হওয়া এ কার্যক্রমের সুফল পেতে আরও সময় লাগবে।
আজ সোমবার (১৬ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের (পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্স) কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে টাস্কফোর্সের উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।
২০২৪ সালের অক্টোবরে সম্পদ পুনরুদ্ধারে টাস্কফোর্স গঠন করা হয় জানিয়ে উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী বলেন, শুরুতে শুধু ফৌজদারি প্রক্রিয়ায় কাজ শুরু হলেও গত বছর থেকে দেওয়ানি প্রক্রিয়াও যুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে কাজের কৌশল আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ও অভিজ্ঞ বিশেষজ্ঞদেরও যুক্ত করা হচ্ছে।
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কাজ বাংলাদেশের জন্য নতুন জানিয়ে ফারহানুল গনি চৌধুরী বলেন, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এ কার্যক্রম শুরু করতে হয়েছে। গত দুই বছরে কাজ করতে গিয়ে যেসব অভিজ্ঞতা হয়েছে, সেগুলোর ভিত্তিতে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার কৌশল তৈরি করা হচ্ছে। দেশের ভেতরে পাচার হওয়া সম্পদ উদ্ধার করা তুলনামূলক সহজ। কারণ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজস্ব আইন ও নিয়ম অনুযায়ী তদন্ত করে আদালতের মাধ্যমে সম্পদ উদ্ধারের ব্যবস্থা নিতে পারে। কিন্তু বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হলে যে দেশে অর্থ গেছে, সেই দেশের আইন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে কোনো কাজ অপরাধ হিসেবে বিবেচিত হলেও অন্য দেশে সেটি একইভাবে অপরাধ হিসেবে বিবেচিত না-ও হতে পারে।
প্রথমে ফৌজদারি মামলার মাধ্যমে সম্পদ উদ্ধারের কাজ শুরু হয় জানিয়ে ফারহানুল গনি চৌধুরী বলেন, পরে ব্যাংকগুলোর খেলাপি ঋণের অর্থ ফেরত আনতে দেওয়ানি মামলার উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে ফৌজদারি মামলার মধ্যে থাকা খেলাপি ঋণসংক্রান্ত কয়েকটি মামলা নিয়ে কাজ শুরু হয়েছে। গত আগস্টে দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি মামলা নেওয়া হয়। একই সঙ্গে ব্যাংকের কাছে তথ্য থাকতে হবে, ঋণের অর্থ বিদেশে পাচার হয়েছে এবং সংশ্লিষ্ট মালিকও সম্ভবত বিদেশে অবস্থান করছেন।
ফারহানুল গনি চৌধুরী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে সম্পৃক্ত করা জরুরি। কারণ ব্যাংকগুলোর অর্থই পাচার হয়েছে। তাই অর্থ ফেরত আনার পুরো প্রক্রিয়ায় তাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। এ কাজে সহযোগিতার জন্য কয়েকটি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ও মামলা পরিচালনায় অর্থায়নকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও উদ্ধারে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ।
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রথম কাজ হলো কোথায় কী পরিমাণ সম্পদ রয়েছে, তা খুঁজে বের জানিয়ে ফারহানুল গনি চৌধুরী বলেন, এরপর সংশ্লিষ্ট দেশের আদালতের মাধ্যমে সেই সম্পদ জব্দ করতে হবে, যাতে পাচারকারীরা তা বিক্রি বা অন্য কোথাও সরিয়ে নিতে না পারেন। পরে ফৌজদারি বা দেওয়ানি আইনি প্রক্রিয়ায় আদালতের রায় নিয়ে অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। তবে এ কাজে বড় বাধা হলো পাচারকারীদের সম্পদ গোপন করার কৌশল। অনেক সময় তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের মালিকানা ও অবস্থান পরিবর্তন করেন। ফলে প্রকৃত সম্পদের সন্ধান পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ তদন্তকারী ও আইন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।
ফারহানুল গনি চৌধুরী বলেন, বিদেশে সম্পদ খুঁজে বের করা ও উদ্ধারের প্রতিটি ধাপে বড় ধরনের খরচ রয়েছে। সম্পদ যত বেশি হাতবদল হবে, তা খুঁজে বের করা তত কঠিন ও ব্যয়বহুল হবে। এতে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও কমে যেতে পারে। এ কারণে সম্পদ উদ্ধারের চলমান তদন্ত, আলোচনা ও চুক্তিসংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ফারহানুল গনি চৌধুরী আরও বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করা হলে আন্তর্জাতিক অংশীদার ও আইন প্রতিষ্ঠানগুলো উদ্বিগ্ন হতে পারে। একই সঙ্গে পাচারকারীরা সতর্ক হয়ে সম্পদ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন। এতে অর্থ ফেরত আনার প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়বে।
ফারহানুল গনি চৌধুরী বলেন, কত দ্রুত টাকা দেশে ফিরবে, শুধু সেটি বিবেচনা না করে আন্তর্জাতিক নিয়ম মেনে সঠিক আইনি প্রক্রিয়ায় কাজ হচ্ছে কি না, সেটি নিশ্চিত করা জরুরি। কারণ, বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক ফল পেতে দীর্ঘ সময় লাগতে পারে।

নিজস্ব প্রতিবেদক