হিলির বাজারে শীতের সবজি, দাম নেমেছে অর্ধেকে
শীতের আগমনী বার্তা পাওয়ার আগেই দিনাজপুরের সীমান্ত শহর হিলির কাঁচাবাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম নানা জাতের সবজি। বাজারে নতুন সবজির জোগান বৃদ্ধি পাওয়ায় দুদিনের ব্যবধানে অধিকাংশ কাঁচাপণ্যের দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। দীর্ঘদিন চড়া দামে সবজি কিনে হিমশিম খাওয়া সাধারণ ও নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে এতে স্বস্তি ফিরে এসেছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) হিলির কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, ডালায় ডালায় সাজানো রয়েছে পটোল, করলা, মূল্যা, বেগুন, শিম, বরবটি, শাক, লাউ, পেঁপে, টমেটো, ফুলকপি ও বাঁধাকপিসহ হরেক রকমের তাজা সবজি। সরবরাহ ভালো থাকায় ভোর থেকেই বাজারে বেচাকেনায় মুখর পরিবেশ তৈরি হয়েছে।
হিলি বাজারের সবজি বিক্রেতা বিপ্লব শেখ ও দেলোয়ার হোসেন জানান, মোকামে সবজির সরবরাহ অনেকটাই বেড়েছে। মাত্র দুদিন আগেও যে পটোল ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে, সোমবার তা কমে দাঁড়িয়েছে ২০ টাকায়। একইভাবে ৮০ টাকার করলা ৪০ টাকা, ৫০ টাকার মূলা ৩০ টাকা, ৬০ টাকার বেগুন ৩০ থেকে ৪০ টাকা এবং ৮০ টাকার ফুলকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি শিম ১৫০ টাকা থেকে কমে ১০০ টাকা এবং ৭০ টাকার বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
একই সঙ্গে বাজারে প্রজাতিভেদে আলু ২০ থেকে ২৫ টাকা, পেঁয়াজ ৪০ টাকা এবং ১০০ টাকার কাঁচামরিচ একলাফে কমে ৫০ টাকা কেজিতে নেমে এসেছে। ব্যবসায়ীরা জানান, আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়লে সবজির দাম আরও কমে আসবে।
বাজারে কেনাকাটা করতে আসা আজিজুল হক ও নাজমুল ইসলাম নামের দুই ক্রেতা সন্তোষ প্রকাশ করে বলেন, এতদিন সবজির বাড়তি দামের কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। আজ বাজারে এসে অর্ধেকেরও কম দামে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে পেরে অনেকটাই স্বস্তি লাগছে।

জাহিদুল ইসলাম, হিলি