শাহজালালে বিপুল সিগারেট, মদসহ নিষিদ্ধ ক্রিম জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ১০ লিটার বিদেশি মদসহ নিষিদ্ধ ২৪ কেজি ২০০ গ্রাম গৌরী ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, শুক্রবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালান।
অভিযানে কলম্বো থেকে ঢাকায় আসা ইউএল১৮৯ ফ্লাইটের পাঁচ যাত্রীর লাগেজ তল্লাশি করে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করা হয়।
এর মধ্যে যাত্রী মোহাম্মদ রোবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ কেজি ৪০০ গ্রাম গৌরী ক্রিম, আরেক যাত্রী আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ কেজি ৮০০ গ্রাম গৌরী ক্রিম, খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, মোছা. রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।
অপরদিকে মুম্বাই থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রী মোবারক হোসেনের লাগেজ তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক