শাহজালাল বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৩০ হাজার টাকা।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানান, ২৯ সেপ্টেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি চালানো হয়। এ সময় দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভের ব্যাগেজ তল্লাশি করে ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়। নিয়ম অনুযায়ী, ১ লিটার মদ শুল্কমুক্ত থাকায় বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়।
অন্যদিকে, ২৯ সেপ্টেম্বর রাতে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা সামিউল ইসলাম নামের আরেক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪ লিটার বিদেশি মদ পাওয়া যায়। পরে সেগুলোও জব্দ করা হয়। দুই ঘটনায় মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক