খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা
দেশের ব্যাংক খাতের সংকট আরও ঘনীভূত হয়েছে। গত তিন মাসের ব্যবধানে এই খাতের খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। যা জুন প্রান্তিক শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়। গত তিন মাসের ব্যবধানে এই খাতের খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বা ৩২ দশমিক ৭৮ শতাংশ। এর আগে গত ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে চলা সুশাসন সংকট, বড় ঋণ গ্রহীতাদের একাংশের ঋণ পরিশোধে অনীহা ও নতুন করে আন্তর্জাতিক মানদণ্ড বা কড়াকড়ির কারণে খেলাপি ঋণের এই ঊর্ধ্বমুখী চিত্র প্রকাশ পাচ্ছে। এ ছাড়া ঋণের বিপরীতে নিয়মিত সুদ যোগ হওয়া এবং কাঙ্ক্ষিত মাত্রায় ঋণ আদায় না হওয়ায় এই পাহাড়সম খেলাপি ঋণ দেশের অর্থনীতি ও আর্থিক খাতের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক