জুনে রেমিট্যান্স আসেনি যে আট ব্যাংকে
চলতি বছরের জুন মাসে দেশে ২৮১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। এর মধ্যে দেশের আট ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স। এরমধ্যে চারটি বিদেশি ব্যাংক রয়েছে।
আজ রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জুনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা আটটি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, দুই বেসরকারি ব্যাংক ও চারটি বিদেশি ব্যাংক। জুনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এ ছাড়া রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ব্যাংক আল ফালাহ, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে।
অপরদিকে জুনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।
জুনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৮ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক