৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার
খাদ্য নিরাপত্তায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে বছরের ছয় মাস চাল দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হলেও বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্য-শস্য ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)