ইলেকট্রিক বাস-ট্রাকে শুল্ক অব্যাহতি
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে পরিবেশবান্ধব যানবাহন শিল্পের বিকাশে স্থানীয় ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের জন্য নতুন কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে পাঁচ শতাংশ ভ্যাট ছাড়া অন্যান্য সব ধরনের শুল্ক ও কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারিরও প্রস্তাব করা হয়েছে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক