ঢাকায় উলমার্ক নিটওয়্যার সেমিনার অনুষ্ঠিত
উলমার্ক কোম্পানি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) যৌথ আয়োজনে ঢাকায় ‘উলমার্ক নিটওয়্যার সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১০ মে) ঢাকার একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পের বিশিষ্ট নেতা ও অংশীজনরা একত্রিত হন। এর মধ্যে অস্ট্রেলিয়ার হাইকমিশনের ডেপুটি হেড অব মিশন ক্লিনটন পবকে, বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম এবং ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ছাড়াও দ্য উলমার্ক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বস্ত্র ও পোশাক খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বাংলাদেশের নিটওয়্যার খাতে উল এবং উল-সমৃদ্ধ মিশ্রণের ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোকপাত করা হয় এবং পণ্য বৈচিত্র্যকরণ, মূল্য সংযোজন, উদ্ভাবন ও শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করার ওপর জোর দেওয়া হয়।
বিশ্বের অন্যতম প্রধান নিটওয়্যার রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ উচ্চমূল্যের এবং প্রযুক্তিগতভাবে উন্নত পণ্যের শ্রেণিতে প্রসারিত হওয়ার জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে। সেমিনারে বক্তারা তুলে ধরেন, কীভাবে উল উৎপাদকদের উৎকৃষ্ট আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার দিয়ে এবং প্রাকৃতিক ও টেকসই তন্তুর ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মেটাতে সক্ষম করে এই রূপান্তরে সহায়তা করতে পারে। বাংলাদেশে নিটওয়্যার খাতে উলের পণ্যের সম্ভাবনা, প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্যিক সুযোগ নিয়ে আলোচনা হয়েছে উলমার্ক নিটওয়্যার সেমিনারে।
আলোচনায় বাংলাদেশের নিটওয়্যার শিল্পে উলের ব্যবহার বৃদ্ধি, অস্ট্রেলিয়ান মেরিনো উলের সম্ভাবনা, নতুন পণ্যের উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সেমিনারে দেশি-বিদেশি শিল্প বিশেষজ্ঞ, কূটনীতিক এবং নিটওয়্যার খাতের উদ্যোক্তারা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক