জনগণের আমানত নয়-ছয়ের সুযোগ নেই : মোখলেসুর রহমান
এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেছেন, ব্যাংকের টাকা ব্যক্তির নিজস্ব নয়, এটি সাধারণ মানুষের আমানত। তাই এই টাকা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয়ের সুযোগ নেই।
আজ বুধবার (১ এপ্রিল) রাজধানীর দিলকুশায় সানমুন স্টার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান।
‘ব্যাংকের মূল ভিত্তি আস্থা’ মন্তব্য করে মোখলেসুর রহমান বলেন, গ্রাহক যখন তার টাকা ব্যাংকে জমা রাখেন, তখন তিনি বিশ্বাস করেন, তার টাকা নিরাপদ থাকবে। এই আস্থা তৈরি করতে দীর্ঘ সময় লাগে। তবে সাংবাদিকদের সহযোগিতা পেলে এই আস্থা দ্রুত প্রতিষ্ঠা করা সম্ভব।
ব্যাংকের ব্যবস্থাপনা প্রসঙ্গে চেয়ারম্যান মোখলেসুর রহমান বলেন, এসবিএসি ব্যাংকের বোর্ডে স্বনামধন্য অধ্যাপক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। তারা সবাই মিলে ব্যাংককে সুশাসনের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
ব্যাংক নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে জানিয়ে ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেন, কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, খাদ্য উৎপাদন বাড়ানো, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যাংকটি ধারাবাহিক কাজ করছে।
এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, আমাদের দেশের বড় শক্তি হচ্ছে তরুণ জনগোষ্ঠী। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকার ক্লাবে পৌঁছেছে জানিয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈনুল কবীর বলেন, ব্যাংকটির আমানত, ঋণ ও অগ্রিম, আমদানি-রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স প্রবাহ, মূলধন, মোট সম্পদসহ অধিকাংশ সূচকেই এখন ইতিবাচক। বর্তমানে ব্যাংকটির মোট সম্পদ প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা।
মঈনুল কবীর বলেন, গত বছরের তুলনায় এ বছর ব্যাংকটির আমানত প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। যেখানে পুরো ব্যাংকিং খাতে আমানত ও ঋণের প্রবৃদ্ধি ৬ শতাংশের মতো, সেখানে এসবিএসি ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫ শতাংশের মতো।
তারল্য সম্পর্কে মঈনুল কবীর বলেন, এসবিএসি ব্যাংকের তারল্য পরিস্থিতি সন্তোষজনক। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ঋণ-আমানত অনুপাত (এডিআর) সীমা ৮৭ শতাংশ হলেও ব্যাংকটি তা ৮১ থেকে ৮৩ শতাংশের মধ্যে রাখছে। এ ছাড়া ব্যাংকটির অতিরিক্ত তারল্য এক হাজার কোটিরও বেশি।

নিজস্ব প্রতিবেদক