৩৭৮ কনটেইনার পণ্য নিলামে বিক্রির উদ্যোগ
চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানো, নিরাপত্তা ঝুঁকি নিরসনসহ কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩৭৮ কনটেইনার অখালাসকৃত পণ্য ই-অকশন বা অনলাইন নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। আজ রোববার (১৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
আল আমিন শেখ জানান, চট্টগ্রাম বন্দরের বিদ্যমান কনটেইনার জট এবং এর ফলে উদ্ভূত নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের সুরক্ষা নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিলামের মাধ্যমে বিক্রির কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মার্চে মোট ৩৭৮ কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর কর্তৃক জারিকৃত বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুসারে ই-অকশন-২/২০২৬ এর আওতায় ৪৯টি লটে মোট ১৮০ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস, গাড়ির পার্টসসহ অন্যান্য সামগ্রী। উল্লেখ্য, এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।
অপরদিকে এনবিআর কর্তৃক জারিকৃত স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুসারে ই-অকশন-৩/২০২৬ এর আওতায় ৭৪টি লটে মোট ১৯৮ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ, ক্রাফট লাইনার পেপারসহ অন্যান্য পণ্য।
নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ নিলাম পরিচালিত হবে। নিলাম কার্যক্রমকে অধিকতর প্রতিযোগিতামূলক করতে পুরো মার্চ মাসজুড়ে আগ্রহী বিডারদের সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইনে বিড করার ব্যবস্থাও রাখা হয়েছে।
আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। তবে অনলাইনে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪-এর প্রযোজ্য শর্তাবলি অনুসরণ করে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ই-অকশন-২/২০২৬-এর দরপত্র বাক্স আগামী ৩১ মার্চ দুপুর ২টায় এবং ই-অকশন-৩/২০২৬-এর দরপত্র বাক্স আগামী ৮ এপ্রিল দুপুর ২টায় উন্মুক্ত করা হবে। নিলামসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী বিডারদের বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক