১৮ দিনে প্রবাসী আয় এলো ২৫ হাজার ৯৩৭ কোটি টাকা
চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২১২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার ৯৩৭ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশে প্রবাসী আয় এসেছে এক হাজার ৯০৩ কোটি ২০ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৭ দশমিক ৫০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৫৫ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৭৬২ কোটি ৯০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক