১৯ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার ৯৮১ কোটি টাকা
ডলারের ফাইল ছবি
চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ২৪ হাজার ৯৮১ কোটি ৩০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য অনুসারে, গতকাল বুধবার (১৯ আগস্ট) প্রবাসী আয় এসেছে ৭৮৭ কোটি ২০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৯ দশমিক ১০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৪৮৯ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪০৫ কোটি ১০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক