এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার উদ্বোধন
ফেনীতে এনসিসি ব্যাংকের শরিয়াহ-ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘৩২ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এনসিসি ব্যাংক গ্রাহকদের বর্ধিত চাহিদা মেটানোর লক্ষ্যে উন্নততর গ্রাহক সেবা প্রদানের প্রত্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব বিবেচনা করে আমরা ইতোমধ্যে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি, যা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহ-ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশের আর্থিক খাতসহ অত্র এলাকার অর্থনীতিকে গতিশীল করবে।’ এ সময় তিনি এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের সেবা গ্রহণের আহ্বান জানান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, ‘দেশে ইসলামিক ব্যাংকিংয়ের বর্তমান অবস্থা ও সম্ভাবনা বিবেচনা করে আমরা শরিয়াহ-সম্মত ব্যাংকিং সেবা চালু করেছি। ইতোমধ্যে ঢাকার গুলশানে, চট্টগ্রামের মুরাদপুরে দুটি পূর্ণাঙ্গ ইসলামিক শাখা এবং ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়েছে, যেখানে গ্রাহকদের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ফেনীতে শরিয়াহ-ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখার কার্যক্রম সম্প্রসারিত করলাম। ভবিষ্যতে অন্যান্য শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হবে এবং নতুন শাখাগুলো পূর্ণাঙ্গ ইসলামিক শাখা হিসেবে পরিচালিত হবে।’ এসএমই, কৃষি ও আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব শ্রেণির ব্যবসায়ী এবং পেশাজীবীরা এ শাখার মাধ্যমে শরিয়াহ-ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা নিতে পারবেন বলে তিনি অবহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং আবুল কাসেম মো. ছফিউল্লাহ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান মোহাম্মদ নুরুল হক, ভিপি ও ব্রাঞ্চ সাপোর্টের প্রধান খালেদ আফজাল রহিম, বিভিন্ন শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ, বিশিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক