২১ শতাংশ লভ্যাংশ দেবে এনসিসি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ লভ্যাংশ দেবে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
লভ্যাংশের মধ্যে ১৭ শতাংশ নগদ ও চার শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে চার টাকা ২৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ২৭ টাকা ২০ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৪ টাকা ১৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন, বেলা ১২টায়। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।

নিজস্ব প্রতিবেদক