বিদ্যুৎ সরবরাহ : ঢাকা-দিল্লি চুক্তি ২৭ নভেম্বর
ভারতের ত্রিপুরার গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ। এ জন্য ২৭ নভেম্বর দিল্লিতে ভারতের সঙ্গে একটি চুক্তি করবে বাংলাদেশ। গতকাল রোববার সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
চুক্তিতে বিদ্যুৎ সরবরাহে শুল্ক নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেডের (টিএসইসিএল) প্রযুক্তি পরিচালক এম কে চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গত শনিবার ও গতকাল রোববার দুই দিনব্যাপী বৈঠক হয়েছে। ত্রিপুরার সুরিমানিগড় বিদ্যুতের সাব-স্টেশন থেকে ৪৭ কিলোমিটার দীর্ঘ ৪০০ কিলোভোল্ট মাত্রার তারের মাধ্যমে বাংলাদেশের কুমিল্লায় এ বিদ্যুৎ নেওয়া হবে।
চৌধুরী আরো বলেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে এই বিদ্যুৎ সরবরাহ করার কথা বলা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই বিদ্যুৎ সঞ্চালন লাইনে পরীক্ষা চালানো হবে।
পলাতনা বিদ্যুৎ প্রকল্পের জন্য যাবতীয় যন্ত্রপাতি কলকাতা থেকে নদীপথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে ত্রিপুরার রাজধানী আগরতলায় নেওয়া হয়।

অর্থনীতি ডেস্ক