বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) বৈঠকের আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক লাফে বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। মূলত কারিগরি কেনাবেচার ওপর ভর করেই আন্তর্জাতিক বাজারে এই দাম বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্সের।
আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় বেলা ১১ টা ১১ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯.৪৩ ডলারে গিয়ে ঠেকেছে। যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার মূল্য ১.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৪.৫০ ডলারে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংকট তীব্র হওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানোর গুঞ্জন জোরদার হয়েছিল, যা গত সপ্তাহে জুনের পর স্বর্ণের বাজারে সবচেয়ে বড় দরপতন ঘটায়। তবে সাম্প্রতিক দরপতনের সুযোগে বাজার থেকে স্বর্ণ কেনার আগ্রহ নতুন করে বেড়েছে।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানান, বাজারে স্বর্ণের দাম সাময়িকভাবে কমে যাওয়ার পর বিনিয়োগকারীরা লাভজনক বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনা শুরু করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা কমাতে নতুন কূটনৈতিক উদ্যোগের খবরও স্বর্ণের দাম বৃদ্ধিতে সহায়তা করছে।
যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংকট সমাধানে আলোচনায় প্রস্তুত থাকলেও ইরান এখনো ইতিবাচক সাড়া দিচ্ছে না। এরই মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকির মুখে লোহিত সাগরে এশিয়ামুখী তিনটি সৌদি তেলের ট্যাঙ্কার দিক পরিবর্তন করায় বিশ্ব শক্তি সরবরাহে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রয়টার্সের এক জরিপ অনুযায়ী, মার্কিন ফেডারেল রিজার্ভ ২০২৬ সালের বাকি সময়ে সুদের হার একই পর্যায়ে রাখতে পারে। সুদের হার দীর্ঘদিন চড়া থাকলে অলাভজনক সম্পদ হিসেবে স্বর্ণের ওপর বিনিয়োগকারীদের ধরে রাখার খরচ বৃদ্ধি পায়।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও ঊর্ধ্বমুখী। স্পট সিলভারের দাম ১.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯.৭১ ডলারে উঠেছে, যা ১০ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই দিনে প্ল্যাটিনামের দাম ১.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৬৫৯.৯৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.২ শতাংশ বেড়ে ১ হাজার ৩১০.৫০ ডলারে উন্নীত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক