ইনানীতে গ্যাসকূপে কাজ করার সময় বাপেক্সের ৭ সদস্য দগ্ধ
কক্সবাজারের ইনানীতে নলকূপ খনন থেকে গ্যাস উদ্গিরণ হওয়া স্থানে কাজ করার সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাত সদস্য দগ্ধ হয়েছেন। আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান। তিনি বলেন, গত ২৭ নভেম্বর চূড়ান্তভাবে আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপসহ (সার্ভে) অন্যান্য কারিগরি কাজ চলছিল। এর অংশ হিসেবে রোববারও কাজ চলছিল। কাজ চলাকালে হঠাৎ গ্যাসের ডাইভার্ট লাইন দিয়ে আগুনের কুণ্ডলি বের হয়ে আসে।
এ সময় আগুনের তাপ ও শিখার সংস্পর্শে এসে বাপেক্সের কর্মকর্তা রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ সাতজন সামান্য দগ্ধ হন। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। বাকি তিনজন চিকিৎসাধীন। তবে আহতদের দগ্ধ হওয়ার বিষয়টি গুরুতর নয় এবং তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বাপেক্স কর্মকর্তা আনিসুর রহমান।
আনিসুর রহমান আরও বলেন, এটি কোনো বিস্ফোরণের ঘটনা নয়। নিয়মিত অপারেশনাল কাজের অংশ হিসেবে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কূপে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কূপটিকে সম্পূর্ণ নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্গিরণ শুরু হয় এবং একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়। টানা এক মাসের চেষ্টায় বাপেক্সের বিশেষজ্ঞ দল কেসিং পাইপ ও ডাইভার্ট লাইন স্থাপনের মাধ্যমে গত ২৭ নভেম্বর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে গ্যাসের চাপ নিরাপদ পর্যায়ে নামিয়ে আনা ও পরবর্তী অনুসন্ধান কার্যক্রমের জন্য সেখানে কারিগরি কাজ চলছিল।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার