কক্সবাজারের ইনানীতে নলকূপের নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে
কক্সবাজারের ইনানীতে নলকূপ থেকে সৃষ্ট প্রাকৃতিক গ্যাসের আগুন ৩১ দিনের মাথায় বন্ধ হয়েছে। বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে কূপের মুখের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি-বাপেক্স। দীর্ঘ প্রস্তুতি শেষে দেশীয় প্রযুক্তিতে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংস্থাটি।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চূড়ান্ত অপারেশন চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরের পর থেকে মূল অপারেশন শুরু হলেও আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছিল।
শুক্রবার সকাল ৭টায় পুনরায় অভিযান শুরুর উদ্যোগ নেওয়া হলেও যান্ত্রিক ত্রুটিতে কার্যক্রম পিছিয়ে যায়। ত্রুটি সারিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও কেসিং-ড্রিলিং পাইপ প্রস্তুত শেষে সকাল ৯টার দিকে আবারও অভিযান শুরু করে বাপেক্স। সকাল সাড়ে নয়টার দিকে নির্গত গ্যাসের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
বাপেক্সর কর্মকর্তা রকিবুল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য গত ১৪-১৫ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে কাজ করছিল বাপেক্সের ৫৫ সদস্যের দল। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টাই চলেছে নিরবচ্ছিন্ন প্রস্তুতি। পরিকল্পনা অনুযায়ী, গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল পদার্থ প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। এর পরের ধাপে সিমেন্ট দিয়ে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা করা হয়।
রকিবুল হাসান আরও জানান, নির্গত গ্যাসের মুখে ৩০ ইঞ্চি ক্যাসিন স্থাপন করে সারফেসের বিভিন্ন পয়েন্টের আগুন বন্ধ করা হয়। ক্যাসিন লাইনের সাথে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস উদগীরণ হওয়ায় কূপের আগুন বন্ধের অপারেশন সফল হয়েছে।
কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়ায় কূপের মুখে চাপ কমে আসে। এরপর ধীরে ধীরে নিভে যায় আগুন। দীর্ঘদিনের এই ঝুঁকিপূর্ণ অপারেশন সফল হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্টদের মধ্যে।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু জানান, এখন নলকূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ ঢুকিয়ে ১০০০ ফুট খনন করা হবে। খননকালীন সময়ে মাড ব্যবহার করা হবে। সফলভাবে ১০০০ ফুট গভীরতা পর্যন্ত খনন করা গেলে কূপটির ফরম্যাশন প্রেশার ব্যালেন্স করে এবং প্রয়োজনীয় মাড ব্যবহার করে মাটির নিচের গ্যাস বের হওয়ার মুখ করা হবে। পরবর্তীতে জিওলজিক্যাল সার্ভে, সিসমিক সার্ভে সম্পাদন এবং মূল্যায়ন করে গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রম করা হবে। ওই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত রয়েছে কি না, তাও যাচাই করা হবে।
বিশেষজ্ঞরা আরও জানান, এ অভিযানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আগুন নিয়ন্ত্রণে আনা। দেশীয় প্রযুক্তি এবং দেশের বিশেষজ্ঞরাই দীর্ঘ প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
পরবর্তী ধাপে বাপেক্সের বিশেষজ্ঞরা ওই এলাকায় নমুনা সংগ্রহ করবে এবং গ্যাস কুপ খননের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
বাপেক্সের ব্যবস্হাপক এস এম নাফিসুল আরফান জানান, ইতোমধ্যে গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছে বাপেক্স। পরীক্ষার জন্য সেগুলো পাঠানো হচ্ছে ঢাকায়। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, মান ও সম্ভাব্য বাণিজ্যিক মূল্য সম্পর্কে জানা যাবে। এসব তথ্যই ভবিষ্যতের অনুসন্ধান ও উত্তোলন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভিন্ন ধাপে গ্যাসের চাপ কমানো, নিরাপত্তা বেষ্টনী তৈরি এবং বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে শেষ পর্যন্ত সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্স।
বাপেক্সের ব্যবস্থাপক আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখানকার কারিগরি কার্যক্রম এখনো শেষ হয়নি। কূপটিকে পুরোপুরি নিরাপদ করা, গ্যাসের প্রকৃতি নির্ধারণ এবং ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আরও কয়েকদিন কাজ চালিয়ে যাবে বাপেক্সের বিশেষজ্ঞ দল। পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করবে এই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা।
গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের সময় হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস উদ্গীরণ শুরু হয়। কিছুক্ষণ পর বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে গ্যাসে আগুন ধরে যায়। এরপর প্রায় এক মাস ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলতে থাকে আগুন।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার