আট মাসে রূপগঞ্জে কমেছে অপরাধ
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও পূর্বাচল উপশহরবেষ্টিত গুরুত্বপূর্ণ উপজেলা রূপগঞ্জে গত আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছে থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের তৎপরতা আগের তুলনায় কমেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন গত এপ্রিল মাসে যোগদানের পর নিয়মিত তদারকি, রাতের টহল ও বিশেষ অভিযান জোরদার করায় জনমনে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত আট মাসে অপরাধ দমনে অভিযান চালিয়ে দুটি শটগান, শতাধিক রাউন্ড গুলি, তিনটি পাইপগান ও পিস্তলসহ মোট ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ শতাধিক ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে এবং নিয়মিত মামলায় আরও তিন শতাধিক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে তারাব, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন ও মুড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে ৩২টি মামলায় ৪৬ জনকে গ্রেপ্তার করে ২ হাজার ২৯৩ পিস ইয়াবা, ১৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৬ শতাধিক বোতল বিভিন্ন ধরনের মাদক ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এর আগে আগস্টে ৩০টি মামলায় ৬৭ জনকে গ্রেপ্তার করে ২ হাজার ২০০ পিস ইয়াবা, ১৭৩ বোতল ফায়ারড্রিল, ১৮৩ কেজি গাঁজা ও ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জুনে ৩৮টি মামলায় ৪৮ জনকে গ্রেপ্তার করে ১ হাজার ৩৫৯ পিস ইয়াবা, ৮৫ বোতল বিদেশি মদ ও ৬৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। মে মাসে ৩১টি মামলায় ৪৮ জনকে গ্রেপ্তার এবং ৩ হাজার ৮০৬ পিস ইয়াবা ও দেশি-বিদেশি ১৬০ বোতল মাদক উদ্ধার করা হয়। এপ্রিলে ৩৬টি মামলায় ৫১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ২১ হাজার ৩২৪ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদারেও কাজ করছে পুলিশ। ট্রাফিক, হাইওয়ে, এসআরবি ও গোয়েন্দা সদস্যদের সহায়তায় এশিয়ান হাইওয়ে এবং ঢাকা-সিলেট মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও রাতের টহল বাড়ানো হয়েছে। এতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা কমেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় ব্লক রেইড এবং অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। মুড়াপাড়ার কালাই সবুজ, তারাবোর কুত্তা শ্রাবণ, চনপাড়ার শামীম ও নাজমুলসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তারের ফলে সংশ্লিষ্ট এলাকায় আধিপত্য বিস্তার, জবরদখল ও সংঘর্ষের আতঙ্ক কমেছে বলে স্থানীয়দের দাবি। পাশাপাশি ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারেও সাফল্য পেয়েছে পুলিশ।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, অপরাধ দমনে রাজনৈতিক হস্তক্ষেপ অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়।
ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, থানায় আসা সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করায় ছোটখাটো বিরোধ বড় সংঘাতে রূপ নেওয়ার আগেই সমাধান করা সম্ভব হচ্ছে। নিয়মিত টহল ও সরাসরি তদারকির কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে চলাচল ও ব্যবসা-বাণিজ্য করতে পারছেন।
ওসি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তবে অপরাধ দমনে রাজনৈতিক নেতা, সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের কারও পক্ষ থেকে প্রকৃত অপরাধীদের রক্ষায় তদবির করা উচিত নয়। এ ধরনের তদবির পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। পুলিশের কোনো সদস্য দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবার সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।
রূপগঞ্জ থানার জনবল ও পরিবহণ সংকটের কথা তুলে ধরে ওসি বলেন, উপজেলার মোট জনসংখ্যার তুলনায় প্রায় তিন গুণ বেশি শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষের বসবাস রয়েছে। অথচ সে তুলনায় পুলিশ সদস্য পর্যাপ্ত নয়। রয়েছে যানবাহনের সংকটও। ফলে অনেক সময় ব্যক্তিগত পরিবহণে তদন্ত ও টহলের কাজ করতে হয়। এসব সীমাবদ্ধতার মধ্যেও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)