কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা, গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন স্বাভাবিক
ন্যূনতম বেতন কাঠামো ঘোষণার দাবিতে টানা আন্দোলনের পর সরকারি ঘোষণা আদায় করে কর্মস্থলে ফিরেছেন গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকেরা। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দলে দলে শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন এবং কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক হয়েছে।
তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও চালু হয়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ। এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকায় শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা কাজ করছেন। সকাল থেকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ শনিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চলের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে বাকি কারখানাগুলো উৎপাদনে ফিরেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে কারখানাগুলোতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার এমন চিত্র দেখা গেছে। ভিনটেজ ডেনিম কারখানায় কর্মরত মোশারফ হোসেন জানান, তাদের কারখানাটি বুধবার থেকে টানা তিন দিনের ছুটি ছিল। আজ কারখানা খুলেছে এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। টানা আন্দোলনে মালিকপক্ষের পাশাপাশি শ্রমিকদেরও অনেক ক্ষতি হয়েছে।
সাবলাইম কারখানার নারী শ্রমিক নুরজাহান আক্তার জানান, সকালে বাসার কাজ শেষ করে যথাসময়ে কর্মস্থলে এসেছেন। কয়েক দিন কারখানা বন্ধ থাকায় খারাপ লেগেছে। পেটের দায়েই আন্দোলন করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেতন কিছুটা বাড়ায় শ্রমিকদের অনেক উপকার হয়েছে, যা শুধু শ্রমিকেরাই ভালো বুঝতে পারেন।
উৎপাদন চলমান একটি কারখানার উপমহাব্যবস্থাপক আশরাফুল আলম জানান, যেকোনো পরিস্থিতি এড়াতে কারখানা কর্তৃপক্ষ সব সময় সচেতন ছিল। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ায় মালিকপক্ষ যেমন বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচেছে, তেমনি শ্রমিকেরাও তাদের কাজ ও বেতনের অনিশ্চয়তার হাত থেকে বেঁচেছেন। তবে যে হারে বেতন বাড়ানো হয়েছে, তা মালিকপক্ষের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। আর কোনো শ্রমিক অসন্তোষ না হলে ভবিষ্যতে মালিকপক্ষ ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বেতন বাড়ানোর দাবি জানিয়ে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি দিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাঁশ-কাঠে আগুন জ্বালিয়ে দেন। ধীরে ধীরে বিভিন্ন আঞ্চলিক সড়কসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ীসহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আন্দোলন বিস্তৃত হয়। শ্রমিকেরা সড়ক-মহাসড়ক অবরোধ ও কারখানা ছুটি দিতে বাধ্য করাসহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সবশেষ দেড় সপ্তাহ আগে জেলার সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষ হয়।
বিক্ষোভ চলাকালীন ১ নভেম্বর মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে নিয়ে একটি মজুরি বোর্ড গঠন করে সরকার। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শুরুতে মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকেরা আন্দোলন করলেও পরবর্তী সময়ে বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। অবশেষে বিক্ষোভ, সংঘর্ষ, বাড়তি বেতনের ঘোষণা ও তিন দিনের ছুটি কাটিয়ে আজ শনিবার সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা।

নাসির আহমেদ, গাজীপুর