শহীদ ডা. মিলনের শাহাদাত বার্ষিকীতে ড্যাবের শ্রদ্ধা
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন চত্বরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি আমান উল্লাহ আমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা ও আত্মদান গণতন্ত্রকামী মানুষের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ মিলনের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা আমান উল্লাহ আমান বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মদান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন গতি দিয়েছিল। তাঁর রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা ও অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জেডআরএফের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ডাকসুর সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিলসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র নেতারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক সাহসী প্রতীক। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়েছিল। নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রামী জীবন ও আদর্শ তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মসূচিতে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন। তাঁর মৃত্যু তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে আরও তীব্র করে তোলে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে তাঁর আত্মত্যাগ আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক