রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৪ হাজার ১৯১ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানে ৭৯০টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর আটটি ট্রাফিক বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ট্রাফিক-গুলশান বিভাগে সর্বোচ্চ ৯৯৭টি এবং ট্রাফিক-মিরপুর বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৮২০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-গুলশান বিভাগে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৯৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৭৪টি মোটরসাইকেলসহ মোট ৮২০টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ৩৪টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৫৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৬৩টি মোটরসাইকেলসহ মোট ৭৩৬টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৩টি ট্রাক, ৫৫টি কাভার্ডভ্যান, ১১৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫৮২টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস ও ২৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, তিনটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৮টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, চারটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি এবং ট্রাফিক-রমনা বিভাগে দুটি বাস, নয়টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক