অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে সিসিটিভি ক্যামেরা স্থাপন
সুনামগঞ্জ জেলার দীর্ঘ ৯০ কিলোমিটার এলাকাজুড়ে ভারতের সঙ্গে সীমান্তরেখা রয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের নজরদারি, অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সার্চ লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এ ছাড়া দুর্গম এলাকায় নৌযানসহ বিশেষ যানবাহনের মাধ্যমে টহল জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত নজরদারি আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎ চালিত সার্চ লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার পরিধি পর্যায়ক্রমে আরও বাড়ানো হচ্ছে। এ ছাড়া রাতের অন্ধকারে দেখার যন্ত্র, তাপীয় উড়ন্ত যন্ত্রসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান ও বিশেষ যানবাহনের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চলতি বছরে সিলেট বিভাগের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ সময় ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮টি গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি বিস্ফোরক সংযোগযন্ত্র ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ ও জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টাকালে ১৬৩ জনকে প্রতিহত করা সম্ভব হয়েছে।
সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবাসীর মাঝে সচেতনতা বেড়েছে এবং সন্দেহজনক যেকোনো তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে স্থানীয় মানুষ বাহিনীকে সহযোগিতা করছেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে তারা।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট বিভাগের অধীনস্থ ব্যাটালিয়নগুলোর এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, সীমান্তে সুরক্ষার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের সব সীমান্ত এলাকায় উড়ন্ত যন্ত্রসহ সার্চ লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে সব ধরনের অনুপ্রবেশ ঠেকানো যায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে কাউকে ঠেলে পাঠাতে না পারে এবং সীমান্তের মাদক ও চোরাচালান রোধ করা যায়। এ জন্য সীমান্তে সদস্যরা রাত-দিন পরিশ্রম করছেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত সচেতনতামূলক সভা করা হচ্ছে।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ