‘জনগণের কাছে দায়বদ্ধ থাকলে দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না’
জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংগত কারণেই আজকের এই অনুষ্ঠানে তিনি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। তিনি উল্লেখ করেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এই সেনানিবাসেই তার জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি অনেকবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সগৌরবে অংশ নিয়েছিলেন। ২০২৫ সালে সংশ্লিষ্ট বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। সেই কথা বারবার মনে পড়ছে জানিয়ে প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং একজন সন্তান হিসেবে উপস্থিত সবার কাছে মায়ের জন্য দোয়া চান।
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাস ও জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিবসগুলোর মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী—এই তিন বাহিনী মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। এরপর থেকেই ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ফলে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর জন্মইতিহাস একই সূত্রে গাঁথা।
স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য; যা সেনাবাহিনীর জন্য এক অনন্য গৌরবের ইতিহাস ও প্রেরণার উৎস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে স্বাধীনতাকামী মানুষের ওপর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান বিদ্রোহের ডাক দিয়ে গর্জে উঠেছিলেন। রেজিমেন্টে ফিরে তিনি সেনাবাহিনীর সব বাংলাভাষী কর্মকর্তা ও সৈনিকদের জড়ো করেন এবং সে রাতেই সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক নিজের লেখা নিবন্ধে তিনি উল্লেখ করেছিলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি ব্যাটালিয়নের কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও সৈনিকদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ ও সামরিক পরিকল্পনা দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন, যা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে।
সশস্ত্র বাহিনীর সম্মান ও দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র ও সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত করার অপচেষ্টা দেখা গেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি; ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ চালানো হয় এবং পরবর্তী সময়ে দেশকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হয়।
তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে স্বাধীনতা অর্জন করেছিলেন, একইভাবে ২০২৪ সালে বীর ছাত্র-জনতা এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা রেখেছে।
শহীদদের প্রতি সম্মান জানিয়ে প্রধান কর্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশ ও জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন। তাদের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান কর্তব্য রয়েছে—প্রথমত, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা; দ্বিতীয়ত, শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

এনটিভি অনলাইন ডেস্ক