দানবাক্সের টাকা তিন ঘণ্টার গণনাতেই ১০ কোটি, এখনও চলছে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর গণনা শুরুর তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা হয়েছে এবং এখনও গণনার কাজ চলছে।
শনিবার সকাল ১০টার দিকে রূপালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ রফিকুল ইসলাম (জোনাল ম্যানেজার) বলেন, সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এনে সকাল ৯টায় গণনা শুরু করা হয়।
অন্যান্য বারের মতো এবারও দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ায় লোহার ১০টি দানসিন্দুকের পাশাপাশি অতিরিক্ত ৫টি টিনের বাক্স যুক্ত করা হয়েছিল। শনিবার সকাল ৭টায় মোট ১৫টি সিন্দুক খুলে ৫১ বস্তা টাকা পাওয়া যায়। টাকা গণনার কাজে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৬০০ জনের একটি দল অংশ নিয়েছে।
দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও আনসার সদস্যও উপস্থিত ছিলেন।

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)