বগুড়ায় শতাধিক প্যারাকিট টিয়া পাখি উদ্ধার
বগুড়ায় শহরের ঠনঠনিয়া ঢাকা বাস টার্মিনালে আল-বারাকা পরিবহণে তল্লাশি চালিয়ে শতাধিক প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার দিনগত রাত ১১টায় টিয়া পাখি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের উপস্থিতিতে ও বনবিভাগ কর্মকর্তাদের সহযোগিতায় পাখিগুলোকে অবমুক্ত করা হয় হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পাখিগুলো ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
এ সময় পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী বাসের সাইড বক্সে প্লাস্টিকের খাঁচায় শতাধিক প্যারাকিট টিয়া পাখি অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হচ্ছিল। পরে গোয়েন্দা পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ১০টি প্লাস্টিকের খাঁচায় পাখিগুলোকে উদ্ধার করে। এরপর পাখিগুলোকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখি পাচারকারী পালিয়ে যায়। পাখিগুলোকে নওগাঁ হতে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, এ সময় কেউ আটক না থাকায় মামলা রুজু করা হয়নি।

আতিকুর রহমান সোহাগ, বগুড়া