পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ৪ নারী আটক
বগুড়ার সোনাতলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে গোলাম কবির সুমন (৩৬) নামের প্রতারণা মামলার ওই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ চার নারীকে আটক করেছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুলবাড়িয়া গ্রামের গোলাম কবির সুমনের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাকে গ্রেপ্তারের জন্য সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান একটি পিকআপ ভ্যান নিয়ে ওই গ্রামে যান।
পুলিশ সদস্যরা সুমনকে গ্রেপ্তার করে পিকআপে তোলার সময় স্থানীয় লোকজন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে আসামি সুমনকে ছিনিয়ে নেওয়া হয় এবং পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়।
পরবর্তীতে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)