৭ বছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় ব্যয় করেছে ৯৮৬ কোটি টাকা
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ২০২০-২১ থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত সাত বছরে গবেষণা কার্যক্রমে মোট ৯৮৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের (চট্টগ্রাম-২) লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা কার্যক্রমে ৭৮ কোটি ৮৮ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ১১৮ কোটি ৭৯ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছরে ১৪১ কোটি ১০ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ১৬৫ কোটি ৩০ লাখ টাকা, ২০২৪-২৫ অর্থবছরে ২১১ কোটি ৬৫ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২১৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করেছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমে ২২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে।
শিক্ষামন্ত্রী সংসদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এবং সরাসরি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রমের জন্য দেওয়া বার্ষিক বরাদ্দের তথ্যও তুলে ধরেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)