বাংলাদেশে থিওসফি চর্চার অতীত ও বর্তমান নিয়ে বই প্রকাশ
থিওসফিক্যাল সোসাইটির ১৫০ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা, সর্বধর্ম ও ঐক্যের প্রার্থনা এবং বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীর একটি রেস্তোরাঁর মিলনায়তনে থিওসফিক্যাল লজেস ইন বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় ‘বাংলাদেশে থিওসফি চর্চা: অতীত ও বর্তমান’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ‘সত্যসঞ্চারণে ১৫০ বছরে থিওসফিক্যাল সোসাইটি এবং বিচার-বুদ্ধি ও যুক্তির আলোয় ১০০ বছরে বুদ্ধিমুক্তির আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রবীণ থিওসফিস্টদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সার্ধশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক, সম্পাদক, প্রকাশক ও গবেষক আবুল কাশেম হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ মো. আলমগীর খান, ভদন্ত ধর্মপাল মহাস্থবির ও টাউনহলের সদস্যসচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ। আলোচনায় অংশ নেন গোলাম কিবরিয়া দীপু, মোতাহের হোসেন মাহবুব, হালিম আবদুল্লাহসহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন থিওসফিক্যাল সোসাইটির বাংলাদেশ ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ ও টিএস লজেস ইন বাংলাদেশের সমন্বয়ক অ্যাডভোকেট প্রহ্লাদ দেবনাথ। অ্যাডভোকেট দিবসজ্যোতি বড়ুয়া ও প্রভাষক সুশান্ত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির সদস্যসচিব মো. ওমর ফারুক ভূঁইয়া।

মাহফুজ নান্টু, কুমিল্লা