৫০ টাকায় স্কেচ এঁকে চিকিৎসা সহায়তা চাওয়া বন্ধু জিলান আর নেই
৫০ টাকায় স্কেচ এঁকে যার চিকিৎসায় সহায়তা চেয়েছিলেন বন্ধু, সেই ব্লাড ক্যানসারে আক্রান্ত সাব্বির হাসনাত জিলান না ফেরার দেশে চলে গেছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাব্বির হাসনাত জিলান অ্যাকিউট মাইলয়েড লিউক্যামিয়ায় (এএমএল) আক্রান্ত ছিলেন।
জিলানের চিকিৎসার খরচ জোগাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৫০ টাকায় স্কেচ এঁকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন তার বন্ধু দিগন্তসহ অন্যরা। বিষয়টি নিয়ে এনটিভি অনলাইনের মাল্টিমিডিয়ায় ‘বন্ধুর চিকিৎসার খরচ জোগাতে ছবি এঁকে অর্থ সংগ্রহ বেরোবি শিক্ষার্থীদের’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তার চিকিৎসা সহায়তার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিক ও মানসিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন এক পোস্টে জিলানের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বড় ভাই। পোস্টে তিনি লেখেন, ছোট্ট জীবনে জিলান অসংখ্য মানুষের সঙ্গে মিশেছে। সবার সঙ্গে হাসিমুখে কথা বলত এবং সহজেই সবাইকে আপন করে নিত। তার হাসিমাখা মুখ ও সুন্দর স্মৃতিগুলো স্বজনদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।
পোস্টে জিলানের বড় ভাই জিলানের জীবনের পথচলায় কথায় কিংবা আচরণে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
জিলানের চিকিৎসায় যারা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন এবং শেষ পর্যন্ত খোঁজখবর রেখেছেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বড় ভাই। পাশাপাশি শোকাহত পরিবারের জন্যও সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
জিলানের মৃত্যুতে তার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ কে জায়ীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়