নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আটক
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা হলেন মো. বাবুল আক্তার (৪৮)।
এসআরইউর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে বাবুলকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি নিষিদ্ধ ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাবুল আক্তার চলমান জ্বালাপোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক বলে জানা যায়।
গ্রেপ্তার বাবুলের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক