দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি ড্রেজার ধ্বংস
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পুরান আইরমারী গ্রামে দশানী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দশানী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ার আশঙ্কা করছিলেন স্থানীয়রা। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও নজরদারির দাবি জানিয়েছিলেন তারা। স্থানীয়দের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় পুরান আইরমারী গ্রামে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। তবে অভিযান চলাকালে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসমাউল আসিফ, জামালপুর