প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭
খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দ ও বিদ্যুতের ঝলকে এক সহকারী শিক্ষিকা ও চতুর্থ শ্রেণির ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের বাইরে পার্শ্ববর্তী একটি গাছে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াছমিন বলেন, ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাতে পুরো বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। চতুর্থ শ্রেণির কক্ষের ঠিক পাশেই বজ্রপাত হওয়ায় ওই শ্রেণির শিক্ষিকা শাহানা আফরোজ ও ১৬ জন শিক্ষার্থীর হাত-পা ও শরীরে বিদ্যুতের ঝলক লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তু বড়ুয়া বলেন, বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এবং কারো কারো শরীরের বিভিন্ন অংশ তাৎক্ষণিকভাবে অবশ হয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিক্ষার্থীদের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় সবাইকে বাড়ি গিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি