হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৩
মৌলভীবাজারের হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকায় করে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব কাটুটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামাল পুর এলাকার হামিদ মিয়া, কাবিল মিয়া ও সাব্বির আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকালে হাওরে মাছ শিকারের উদ্দেশ্যে নৌকা নিয়ে বের হন তারা। কিন্তু হঠাৎ আবহাওয়া পরিবর্তনের মধ্যে বজ্রপাত হলে নৌকার উপরেই দুজন মারা যান এবং একজন পানিতে পড়ে যান।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন জন মাছ ধরতে হাওরে যান। বজ্রপাতে তাদের তিনজনের মৃত্যু হয়েছে। দুইজনের মরদেহ নৌকায় পাওয়া যায়। আরেকজনের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করে।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার