জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০), তাদের আট মাস বয়সী কন্যাসন্তান রিফা ও মোটরসাইকেলচালক শওকত হাসান লিখন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে যাত্রীদের নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক শওকত হাসান লিখন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর বেপরোয়া গতির ট্রাকটি পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা ও শিশুসন্তান রিফা ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে গুরুতর আহত মোটরসাইকেলচালক শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটিকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসমাউল আসিফ, জামালপুর