মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ, মাঠে বিএনপি
মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে আজও রাজধানীর মিরপুরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে সকাল থেকে আন্দোলনরত কাউকে মাঠে দেখা যায়নি। এছাড়া যান চলাচলও ছিল স্বাভাবিক। তবে সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় দফায় দফায় মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর ১১ নম্বরসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।
মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান ও জলকামান রাখা হয়েছে। এ ছাড়া স্টেশনের পাশের একটি গলিতে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দুটি মিছিল করতে দেখা যায়। মিছিল থেকে ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’, ‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এর আগে সকাল ৯টার দিকে পল্লবী শিল্প এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। একই সময়ে রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়।
বেলা ১২টার দিকে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার সংবাদ মাধ্যমকে বলেন, সকাল থেকে মিরপুর-১১ নম্বর ও শিয়ালবাড়ী এলাকায় কয়েকবার শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করেছিল। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। আজ সকাল থেকে কোনো রাস্তা বন্ধ ছিল না।

নিজস্ব প্রতিবেদক