খুলনায় যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে লবণচরা থানাধীন কাশেমিয়া জামে মসজিদ থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কলিন ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলিন দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলে তিনি বাড়িতে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাত ১২টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি পরিবারের সদস্যদের খবর দেন।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত কলিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন। শনিবারও বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। পরে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা