খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিক লীগ নেতা সোহাগ রিমান্ডে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা মো. আজমাইন হোসেন সোহাগকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে গিয়ে রাজধানীর কাওরান বাজার এলাকায় হামলার শিকার হন তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে তার গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে।
এজাহার থেকে আরও জানা যায়, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে ওই হামলা চালান। এতে খালেদা জিয়ার গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় তার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ সদস্যসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
আরও জানা গেছে, রাজনৈতিক প্রভাবের কারণে ঘটনার সময় মামলা করা সম্ভব হয়নি। পরে ন্যায়বিচারের স্বার্থে ২০২৪ সালের ২২ আগস্ট ঢাকা মহানগর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৮ জনের নাম উল্লেখ করে এবং ৫০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
গত ১২ জুন রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শ্রমিক লীগ নেতা মো. আজমাইন হোসেন সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আদালত প্রতিবেদক