কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নে এস এস প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ অক্টোবর) বেলা ১টার দিকে কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকায় রেড রোজ পার্টি সেন্টারের পাশে সাজেন মজুমদারের মালিকানাধীন এস এস প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় (ভবনের ৮ম তলায়) অগ্নিকাণ্ডটি ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোনাখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পোস্তগোলা ও গুলিস্তান ফায়ার সার্ভিসের আরও সাতটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় কারখানার ভেতরে থাকা সাকিব (১৮) নামের এক শ্রমিক পুড়ে মারা যান। এ ছাড়া মানিক (৪০) নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এই কারখানাটিতে ৬০ থেকে ৭০ জন শ্রমিক কাজ করেন এবং ৮ম তলায় সাতজন শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের সময় বাকিরা বের হতে পারলেও নিহত সাকিব বের হতে পারেননি।
ফায়ার সার্ভিসের তথ্যমতে কারখানায় ব্যবহৃত কেমিক্যাল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।
এ কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি)। কমিটির বাকি সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার, কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন পরিচালক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একজন পরিচালক।

মাসুদ রানা, ঢাকা (কেরানীগঞ্জ)