লক্ষ্মীপুরে বালুমহালের অফিসে হামলা-ভাঙচুর
লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাটে ৬টি বালুমহালের অফিস ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মজুচৌধুরীহাট বালুর ঘাট এলাকায় ১২ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এ হামলা চালায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীরা নিশ্চিত করতে পারেনি।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। তারা ৫টি অফিস ও একটি দোকানে তাণ্ডব চালিয়ে দিনভর বিক্রি করা নগদ টাকা এবং সিসিটিভি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, আমার বালুমহালের অফিসে হামলা চালিয়ে টাকা-পয়সা ও সিসিটিভি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। কে বা কারা ছাত্রদলের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে। তবে স্থানীয় ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে জেনেছি যে তারা এ বিষয়ে কিছুই জানে না।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, বিভিন্ন স্বার্থগোষ্ঠী ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তদন্তে ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর