লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে দেশীয় একটি একনলা বন্দুকসহ মো. হাসান শান্ত ও মো. শরিফ নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হাসান শাকচর ফরাজি বাড়ির বাহার হোসেনের ছেলে ও শরিফ একই বাড়ির মো. আলমের ছেলে।
তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭নং ইউনিয়নের ফরাজি বাড়ি এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ অভিযুক্ত হাসান ও শরীফকে গ্রেপ্তার করে। পরে তাদের দেখানো স্থান থেকে একনলা বন্দুকসহ একটি চাইনিজ কুড়াল, একটি কালো ব্যাজবল ব্যাট ও একটি টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর