প্রসূতির মৃত্যু : চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নওগাঁয় বেসরকারি ‘মেট্রো হাসপাতাল’ এ সিজারের সময় প্রসূতির পেটে গজ কাপড় রেখে সেলাই করার অভিযোগে চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) বিকেলে নওগাঁ সদর ১ নম্বর আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এই আদেশ দেন।
বিষয়টি এনটিভিকে নিশ্চিত করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান।
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—অপারেশনকারী চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন (২৯), অ্যানেস্থেসিয়া প্রয়োগকারী চিকিৎসক মো. আখেরুজ্জামান রবি (৩৩), মেট্রো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন আলী (৩৭), অপারেশন থিয়েটার ইনচার্জ মোসা. সালমা বিবি নাজমা (৩২) এবং দালালের দায়িত্ব পালনকারী মো. রাশেদুল ইসলাম হিরু (৩৩) ও মো. নাহিদ বাবু (২২)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা প্রসূতি রাহী মুনী সন্তান প্রসবের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে এক দালাল ভালো সিজারিয়ান অপারেশনের প্রলোভন দেখিয়ে ৮ হাজার টাকার চুক্তিতে তাকে শহরের বেসরকারি ‘মেট্রো হাসপাতালে’ নিয়ে যায়। ওই দিন রাতেই চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন তার সিজার করেন।
অস্ত্রোপচারের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। অবস্থার অবনতি হলে পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিতীয়বার অস্ত্রোপচার করে পেট থেকে গজ কাপড় বের করে। এতেও পরিস্থিতির উন্নতি না হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল তার মৃত্যু হয়। ঘটনার পর নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম মেট্রো হাসপাতালটি পরিদর্শন করে এটি একটি অনিবন্ধিত হাসপাতাল বলে নিশ্চিত করেন।
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা গত ১৩ এপ্রিল আদালতের নজরে আসে। আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
গত ২২ আগস্ট পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার আদালত প্রতিবেদন আমলে নিয়ে সকল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার এই আদেশ দেন।
এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন পিবিআইয়ের পরিদর্শক আব্দুর রাজ্জাক। তিনি বদলি হয়ে গেলে পরে দায়িত্ব পান পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান।
আদালতের রায়ের কথা স্বীকার করে মোহাম্মদ আসাদুজ্জামান এনটিভিকে বলেন, গতকাল বুধবার (৭ অক্টোবর) ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই মামলায় প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন পিবিআইয়ের পরিদর্শক আব্দুর রাজ্জাক। তিনি বদলি হয়ে যাওয়ার পর আমি দায়িত্ব পাই। তদন্তে গিয়ে বেশ কিছু বিষয়ে অসঙ্গতি পেয়েছি। তদন্তে জানতে পারি ভিকটিমের মা সাথী বানু ও নানা নজরুল ইসলাম গোপনে এক লাখ টাকা নিয়ে সমঝোতার চেষ্টা করেন ক্লিনিক মালিকের সাথে। তাই তারা মামলার তদন্তে ভালো সহযোগিতা করেননি।
মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, পরোয়ানভুক্ত ৬ জনের কেউই সার্জারি ও এনেস্থিশিয়ার ডাক্তার না। কেউ বিশেষজ্ঞ ছিলেন না। সিভিল সার্জনের অফিসও তদন্ত করে বিষয়টি পুলিশকে জানিয়েছে। এমনকি সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম মেট্রো হাসপাতালটি পরিদর্শন করে এটি একটি অনিবন্ধিত হাসপাতাল বলে প্রতিবেদন দিয়েছেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ