প্রেমিকাকে হত্যা ও পোড়ানোর দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড
রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনা বেগম সুমি নামের এক নারীকে হত্যা ও দেহ পোড়ানোর মামলার আসামি মোহাম্মদ মাহিবুর কামাল মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন। এ সময় মামলার একমাত্র আসামি উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও আদালতের পর্যবেক্ষণ থেকে জানা যায়, ২০২২ সালের মার্চে প্রেমের সম্পর্ক ও আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে সুমিকে কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ডেকে নিয়ে যান মহিবুল্লাহ। এ সময় তিনি হাছিনার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন। পরে আলামত নষ্ট ও দেহ গুম করার উদ্দেশ্যে তা স্কুলের পরিত্যক্ত টয়লেটে নিয়ে আগুনে পুড়িয়ে দেন।
পরবর্তীতে সুমির মা আমেনা বেগম বাদী হয়ে থানায় মামলা করলে মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে র্যাব ও পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রসিকিউশনের পক্ষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও সার্বিক প্রমাণাদি পর্যালোচনা শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, আসামির স্বীকারোক্তি, সুরতহাল ও মেডিকেল প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণে আসামি দোষী সাব্যস্ত হন। দণ্ডবিধি ৩০২ ও ২০১ ধারায় আসামিকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)