আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বদলগাছী চারমাথা এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, শিশু ধর্ষণের অভিযোগে উপজেলা জামায়াতের এক আমিরের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি। এগুলো জামায়াতি ও আওয়ামী লীগের পুলিশ। আওয়ামী লীগকে ছাড় দেওয়া হলে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দেন এমপি ফজলে হুদা। এই পুলিশ প্রশাসন জামায়াতি ও নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর।
ফজলে হুদা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগের সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)