কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, কিশোর গ্যাং এবং উঠতি বয়সী তরুণদের নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বিভিন্ন আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহজনক স্থানে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, আটকদের কারও সঙ্গে পূর্বে সংঘটিত কোনো অপরাধের সম্পৃক্ততা রয়েছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দাউদকান্দি থানায় অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের আটকের ঘটনাকে কেন্দ্র করে থানায় হামলা ও ভাঙচুরের একটি অভিযোগ উঠলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মাহফুজ নান্টু, কুমিল্লা